ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন ইউনিস খান

ক্রীড়া ডেস্ক:
৩৮ বছর বয়সে ৩২তম টেস্ট সেঞ্চুরির স্বাদ নিয়েছেন ইউনিস খান। শুক্রবার ওভাল টেস্টে চার ইংলিশ পেসার ও এক স্পিনারকে দারুণ সামলেছেন ইউনিস। ৩২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিতে ইউনিস খেলেছেন ১৯৩ ইনিংস। অন্যদিকে রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকার ৩২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন যথাক্রমে ১৭৬ ও ১৭৯ ইনিংসে।

পাকিস্তান ক্রিকেট দলের এবারের ইংল্যান্ড সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না ইউনিস। প্রথম তিন টেস্টে একটিও হাফ সেঞ্চুরি ছিল না। তবে প্রস্তুতি ম্যাচে সমরসেটের বিপক্ষে ১০৪ রান করেছিলেন। প্রস্তুতি ম্যাচের ফর্ম প্রথম তিন টেস্টে না থাকলেও ওভালে ঠিকই স্বরূপে ফিরলেন পাকিস্তানের অন্যতম সেরা এ ক্রিকেটার।

স্বরূপে ফিরেই ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের একটি রেকর্ড ভেঙেছেন ইউনিস। এ নিয়ে ৯০ ছোঁয়া শেষ ৩০ ইনিংসের সবকটিকে সেঞ্চুরিতে রূপান্তরিত করলেন ইউনিস। নিউজিল্যান্ডের অকল্যান্ডে ২০০১ সালে সর্বশেষ ৯১ রানে আউট হয়েছিলেন। অকল্যান্ডে ওই ম্যাচে প্রথম ইনিংসে ৯১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইউনিসের ব্যাট থেকে আসে ১৪৯ রান। এরপর যতবার ৯০-এর ঘরে গেছেন, ততবারই সেঞ্চুরি করেছেন।

ইউনিসের আগে স্যার ডন ব্র্যাডম্যান ২৯ বার ৯০-এর ঘরে গিয়ে প্রতিবারই শতরানের দেখা পান। ইউনিস ও ব্র্যাডম্যানের পর এ তালিকায় আছেন কুমার সাঙ্গাকারা (২৩), ওয়ালি হাম্মন্ড (২২)ও জ্যাস্টিন ল্যাঙ্গার (২১)।

শুক্রবার ১২২তম বলে ২ রান নিয়ে ৯০-এর ঘরে পৌঁছান ইউনিস। শতরান পেতে পরবর্তীতে ১৭ বল খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৯৫ থেকে চার মেরে ৯৯-এ পৌঁছানোর পর মাইলফলকে পৌঁছতে পাঁচ বল অপেক্ষা করেন তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: