বর্ষসেরা বোলারদের তালিকায় রুবেল-মুস্তাফিজ
ক্রিড়া প্রতিবেদক:
২০১৫ সালটা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বড় প্রাপ্তির বছর। একের পর এক জয় দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বছরটিকে করে তুলেছে স্মরণীয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ওয়ানডেতে ভারত, শ্রীলংকা, পাকিস্তানের মত দলকে টপকে সফল দলের তালিকায় এশিয়ায় শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
এশিয়ার সফল দলগুলোর শীর্ষস্থানে জায়গা করে নেওয়ার পাশাপাশি এই বছর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তরুণ এই বাঁ-হাতি ওপেনারের নাম আছে টাইমস অব ইন্ডিয়ার সেরা দশ বোলিং পারফরম্যান্সের মধ্যেও। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে রুবেল হোসেনও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
২০১৫ সালের ওয়ানডেতে সেরা দশ বোলিং স্পেলের তালিকা করেছেন ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তালিকায় বিশ্বসেরা বোলারদের পাশাপাশি বাংলাদেশের রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমানও জায়গা পেয়েছেন।
রুবেল হোসেন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের জন্যে চতুর্থ স্থানে ও মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে দেশের মাটিতে দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ বোলিংয়ের জন্যে মনোনিত হয়েছেন। তবে ভারতের কোনো বোলারকে সেরা দশের তালিকায় জায়গা দেয়নি টাইমস অব ইন্ডিয়া।

