১০৭ বছরের রেকর্ড স্পর্শ করলেন কার্লোস ব্রেথওয়েট
ক্রিড়া প্রতিবেদক:
আট বা তারও নিচে নেমে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ফিফটি করা আগের দুজন ব্যাটসম্যান হলেন অস্ট্রেলিয়ার- আলবার্ট ট্রট ও হ্যানসন কার্টার। সর্বশেষ ১০৭ বছর আগে এমন কীর্তি গড়েছিলেন কার্টার।
দীর্ঘ ১০৭ বছর পর টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আট বা তারও নিচে নেমে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ফিফটি করার বিরল রেকর্ড ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কার্লোস ব্রেথওয়েট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসে আটে নেমে সোমবার দ্বিতীয় দিনে ৬৯ রান করে আউট হন ব্রেথওয়েট। মেলবোর্নে সিরিজের আগের টেস্টে সাদা জার্সিতে অভিষেক হয়েছিল তার। ওই টেস্টেও দলের প্রথম ইনিংসে আটে নেমে ফিফটি (৫৯) করেছিলেন এই ক্যারিবিয়ান।
১৯০৭ সালের ডিসেম্বরে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে আটে নেমে দ্বিতীয় ইনিংসে ফিফটির (৬১) পর ১৯০৮ সালের জানুয়ারিতে দ্বিতীয় টেস্টেও ওই দ্বিতীয় ইনিংসে ফিফটি (৫৩) করেছিলেন ইংল্যান্ডের বংশোদ্ভুত কার্টার। তারও ১২ বছর আগে ১৮৯৫ সালের জানুয়ারিতে প্রথম এই কীর্তিটা গড়েছিলেন আলবার্ট ট্রট।
ট্রট ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই অপরাজিত ছিলেন! অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ইনিংসে আটে নেমে ট্রট ৩৮ রান অপরাজিত ছিলেন, আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৭২ রানে। সিডনিতে পরের টেস্টেও প্রথম ইনিংসে আটে নেমে ৮৫ রানে অপরাজিত ছিলেন ট্রট। অস্ট্রেলিয়া এই ম্যাচটা ইনিংসে ব্যবধানে জেতায় দ্বিতীয় ইনিংসে ট্রটকে আর ব্যাট করতে হয়নি।

