টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় শুভাগত
ক্রিড়া প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলা হলেও এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি শুভাগত হোমের। অবশ্য এই দুই ফরমেটে খেললেও কখনও খুব বেশি আলোতে আসতে পারেননি তিনি।
দলে বারবার তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মূলত ব্যাটসম্যান না বোলার কোন হিসেবে তিনি দলে খেলছেন, অনেক ক্ষেত্রে নির্বাচকরাও ঠিকঠাক বলতে পারেন না। বিপিএলে ভালো করায় এবার টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন তিনি। জানেন বিশ্বকাপ বা এশিয়া কাপের দলে জায়গা পেতে হলে পারফরমেন্স করতে হবে।
এ জন্য প্রস্তুত আছেন তিনি। দলের প্রয়োজনে যে কোন পজিশনে খেলতে চান তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সাথে এসব বিষয়ে কথা বলেন তিনি।
অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন জানিয়ে তিনি বলেন, ‘আমি স্ট্রোক খেলতে পছন্দ করি। টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রোক খেলার সুযোগ বেশি থাকে। এ কারণেই এই ফরমেটের সাথে নিজেকে মানিয়ে নিতে পারার আত্মবিশ্বাস আছে।’
একাদশে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। এবারও উঠলো, বেশ আত্মবিশ্বাস নিয়েই বললেন, ‘যেহেতু আমি অলরাউন্ডার তাই আমি ব্যাটিং, বোলিং উভয় দিকেই প্রাধান্য দেবো। টিমের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে দরকার সেখানেই ব্যাটিং করবো।’
ওয়ানডেতে ৬ নম্বর বা ৭ নম্বরে খেললেও বিপিএলে খেলেছেন উপরের দিকেই, সেখানেই খেলতে চান কি না জানতে চাইলে বলেন, ‘উপরের দিকে ব্যাটিং করার ফলে চিন্তা-ভাবনা করার একটা সুযোগ থাকে। বড় স্কোর করার দিকেও অগ্রসর হওয়ার সুযোগ থাকে। তবে এখানে টিম ম্যানেজমেন্ট সুযোগ দিলে চেষ্টা করবো।’
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ এই জিম্বাবুয়ে সিরিজ। সেই সিরিজকে কিভাবে দেখছেন শুভাগত? উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই এটা ভালো একটা সুযোগ। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতিও হয়ে যাবে। যা আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে। আর আমার নিজের জন্যও এটা ভালো একটা সুযোগ। এই সিরিজে ব্যাটিং-বোলিংয়ে ভালো করার মাধ্যমে দুটি টুর্নামেন্টেই জায়গা করে নিতে চেষ্টা করবো।’

