সেনাবাহিনীতে যোগ দিলেন থিসারা পেরেরা
স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। গাজাবা রেজিমেন্টে সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক ফোর্সে মেজর পদে যোগ দিয়েছেন তিনি।
৩০ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি জানিয়েছেন সেনাবাহিনীর কমান্ডার লেফটানেন্ট জেনারেল শাভেন্দ্র সিলভার আমন্ত্রণেরই তিনি যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পেরেরা টুইট করেছেন, ‘আমি সেনাবাহিনীর কমান্ডার লেফটানেন্ট জেনারেল শাভেন্দ্র সিলভার আমন্ত্রণ গ্রহণ করেছি এবং সেনাবাহিনীতে যোগ দিয়েছি। তার মতো একজনের কাছ থেকে আমন্ত্রণ পাওয়াটা আমার জীবনের অন্যতম বড় অর্জন। ধন্যবাদ স্যার। সেনাবাহিনীর ক্রিকেটে আমি আমার সেরাটা দিয়ে অবদান রাখার চেষ্টা করব।’
চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমালও সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক ফোর্সে যোগ দিয়েছেন। সেখানে তিনি সেনাবাহিনীর ক্রিকেট দলের হয়ে খেলবেন।
থিসারা পেরেরা শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট, ১৬১টি ওয়ানডে ও ৭৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি ২০৩ রান, ওয়ানডেতে ২২১০ রান ও টি-টোয়েন্টিতে ১১৬৯ রান করেছেন। পাশাপাশি তিনি টেস্টে ১১ উইকেট, ওয়ানডেতে ১৭১ উইকেট ও টি-টোয়েন্টিতে ৫১ উইকেট নিয়েছেন।
৫ জানুয়ারি থেকে গৌহাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

