পিএসজি-বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি আজ

নিউজ ডেস্কঃ

পর্তুগালের লিসবনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্সের পিএসজি এবং জার্মানীর বায়ার্ন মিউনিখ। আজ রোববার বাংলাদেশ সময় রাত একটায় অর্থাৎ ঘড়ির কাঁটা তখন জানান দেবে বাংলাদেশে ছুঁয়েছে ২৪ আগস্ট, সে সময় মাঠে নামবে এই দুই জায়ান্ট।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সম্মাননা জয়ের লক্ষ্যে লড়বে তারা। সনি টেন-২ এবং সনি টেন-২ এইচডি রাত ১টায় এ খেলা দেখাবে। বায়ার্ন মিউনিখ এবার ইউরোপিয়ান জায়ান্ট এসি মিলানের গড়া ১১ ফাইনাল খেলার রেকর্ড স্পর্শ করতে যাচ্ছে। যদিও এসি মিলান এই ১১ ফাইনালের মধ্যে ৭টিতে জিতেছে আর বায়ার্ন আসন্ন ফাইনাল জিতলেও তাদের শিরোপা জয়ের সংখ্যা দাঁড়াবে ছয়ে।

প্রতিযোগিতার পাঁচটি শিরোপা জেতা বায়ার্ন ১০ বার ফাইনাল খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। পিএসজিকে সেখানে শিক্ষানবীশই বলা যায়। তবে ঘরোয়া ফুটবলে বছরের পর বছর দাপট দেখানো পিএসজিকে আন্ডারডগ ভাবার সুযোগ কমই। অভিজ্ঞতার ঘাটতি থাকলেও তেজদ্বীপ্ত দলটিকে ‘পরিপূর্ণ প্যাকেজ’ মনে করছেন অনেকে।

সাফল্যের সিঁড়ি বেয়ে ফাইনালে উঠেছে পিএসজি। সেমিফাইনালে জার্মান ক্লাব আর বি লেইপজিগকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে নেইমার-এমবাপের দল পিএসজি। অন্যদিকে ফরাসি ক্লাব লিওঁকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বায়ার্ন মিউনিখ।

  •  
  •  
  •  
  •  

Tags: