কোয়ালিফায়ারে হায়দরাবাদ ,বিদায় ব্যাঙ্গালুরুর
নিউজ ডেস্কঃ
প্লে-অফ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে (আরসিবি) ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অন্যদিকে ফাইনালে যাওয়ার আশা জাগিয়ে রাখল হায়দরাবাদ। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির সঙ্গে খেলবে হায়দরাবাদ।
শুক্রবার টসে জিতে ব্যাঙ্গালুরুকেই প্রথমে ব্যাট করতে পাঠান হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পাডিক্কেলের সঙ্গে ওপেন করতে নেমে চমক দেখান বিরাট। কিন্তু এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি।
৭ বলে মাত্র ৬ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে যান। গোটা মৌসুমে ভালো পারফর্ম করে চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হয়েছেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক। ১ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
হায়দরাবাদের চমৎকার বোলিংয়ে একপ্রকার গুটিয়েই গিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স। অ্যারন ফিঞ্চ, এবি ডি ভিলিয়ার্স এবং মহম্মদ সিরাজ ছাড়া আর কেউই দুইয়ের ঘরে রান করতে পারেননি।
অ্যারন ফিঞ্চ ৩২ রানে আউট হয়ে গেলেও অসাধারণ ব্যাটিং করেন এবিডি। ৪৩ বলে ৫৬ রান করেন তিনি। নটরাজনের বলে আউট হলেও তার দেখানো পথেই শেষমেশ ১৩১ রান করে ব্যাঙ্গালুরু।
৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন জেসন হোল্ডার। এছাড়া নটরাজন ২টি এবং শাহবাজ নাদিম একটি করে উইকেট তুলে নেন।
জয়ের লক্ষ্য ১৩২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার গোস্বামীকে হারায় হায়দরাবাদ। মানিশ পান্ডে এবং ডেভিড ওয়ার্নার ম্যাচ ধরার চেষ্টা করলেও সেরকম গতিতে খেলতে পারছিলেন না। কারণ ব্যাঙ্গালুরুরের বোলাররা তাদের একপ্রকার চেপেই ধরে রেখেছিলেন।
২১ বলে ২৪ রান করে মনিশ আউট হয়ে যান। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারিতে ওয়ার্নার (১৭ বলে ১৭) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার পরই ছন্দ হারায় হায়দরাবাদ। রান তুলতে পারছিল না দলটি। হারাচ্ছিল উইকেটও। ১১.৫ ওভারে ৪ উইকেটে মাত্র ৬৭ রান ছিল দলটির। একটা সময়ে খেলার গতি এতটাই কমে গিয়েছিল যে, মনে হচ্ছিল যেন ব্যাঙ্গালুরুই এই ম্যাচ জিতে নেবে। কিন্তু শেষমেশ ব্যালেন্স করেন কেন উইলিয়ামসন। আর পরবর্তী সময়ে তাকে সাহায্য করলেন জেসন হোল্ডার।
পঞ্চম উইকেটে জেসন হোল্ডারকে নিয়ে ৪৭ বলে ৬৫ রানের ম্যাচ জেতানো এক জুটি গড়েই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন উইলিয়ামসন। ৪৪ বলে ২টি করে চার-ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন কিউই এই ব্যাটসম্যান। ২০ বলে ২৪ রানে সঙ্গে ছিলেন হোল্ডার।
ব্যাঙ্গালুরুর হয়ে মহম্মদ সিরাজ ২টি এবং অ্যাডাম জাম্পা ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট তুলে নেন। ম্যান অফ দ্য ম্যাচ হন কেন উইলিয়ামসন।
প্রথম এলিমিনেটর জেতায় হায়দরাবাদের লড়াই এখন কোয়ালিফায়ার ম্যাচ হারা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। হায়দরাবাদ-দিল্লি দ্বিতীয় এলিমিটরে যে দল জিতবে, তারা ফাইনালে মোকাবেলা করবে মুম্বাই ইন্ডিয়ান্সের।

