আজ ফাইনালে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস
নিউজ ডেস্কঃ
দেখতে দেখতে শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ১৩তম আসরের ফাইনালে আজ মঙ্গলবার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
অভিজ্ঞতায় দিল্লির চেয়ে ঢের এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে গত ১২ আসরের মধ্যে পাঁচবারই ফাইনাল খেলেছে রোহিত শর্মার দল। এর মধ্যে চারবার হয়েছে চ্যাম্পিয়ন। তাই ফাইনালে নিঃসন্দেহে অভিজ্ঞতায় এগিয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, নিজেদের আইপিএল ইতিহাসে এবারই প্রথম ফাইনালের টিকেট পেয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে ফাইনালের পথটাও মসৃণ ছিল না।
আইপিএলের দ্বিতীয় ম্যাচে যাত্রা শুরু করে দিল্লি। ওই দিন সুপার ওভারে ম্যাচ জিতে নেয় শ্রেয়াস আইরের দল। এর পরের ছয় ম্যাচের মধ্য জয় পায় পাঁচটিতে। টানা জয়ের পর ছন্দ হারায় দিল্লি। তবুও শেষ পর্যন্ত ফাইনালের টিকেট পেয়েছে শ্রেয়াসের দল।
লিগ পর্বে দুই দেখায় দুবারই দিল্লিকে উড়িয়ে দিয়েছে মুম্বাই। এরপর প্রথম এলিমিনেটরেও মুম্বাইয়ের কাছে হেরে যায় দিল্লি। তবে দ্বিতীয় এলিমিনেটরে কোনো ভুল হয়নি। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন শেখর ধাওয়ানরা।
ফাইনালে দিল্লির বিরুদ্ধে এখন অবধি না হারার পরিসংখ্যান আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে মুম্বাইয়ের। রোহিতদের টুর্নামেন্টের শুরুটা হয় চেন্নাই সুপার কিংসের কাছে হেরে। তবে সেই চাপকে জয় করে ছন্দ খুঁজে পায় রোহিতের দল। তরুণ ঈশান কিষাণ ও অভিজ্ঞ কুইন্টন ডি ককের আত্মবিশ্বাসী ব্যাটিং আর ট্রেন্ট বোল্ট ও বুমরাহর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে টুর্নামেন্টের বাকি পথ দারুণভাবে পার করে বর্তমান চ্যাম্পিয়নরা।
‘শেষ ভালো যার, সব ভালো তার’- এ প্রবাদ মাথায় নিয়ে শিরোপাযুদ্ধে মাঠে নামবে মুম্বাই-দিল্লি। অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুম্বাই চাইবে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলতে। অন্যদিকে প্রথমবার ফাইনালে ওঠার চাপকে জয় করে শিরোপার স্বাদ পেতে চাইবে দিল্লি ক্যাপিটালসও। এবার অভিজ্ঞ মুম্বাই নাকি আত্মবিশ্বাসী দিল্লির মাথায় চ্যাম্পিয়নের মুকুট ওঠে, সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

