দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারল না আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্কঃ প্রথম আট মিনিটেই আর্জেন্টিনার দুই গোল। বিরতির পর কলম্বিয়ার এক গোলে লড়াই জমজমাট। ৯০ মিনিট পেরিয়ে তবু এগিয়ে আর্জেন্টিনাই। একেবারে শেষ মুহূর্তে পাল্টে গেল চিত্র!
ম্যাচের ৫১তম মিনিটে লুইস মুরিল আর শেষ মুহূর্তে মিগুইল বোরহার গোলে স্বপ্ন ভঙ্গ হয় মেসিদের। মূল্যবান একটি পয়েন্ট তুলে নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ নম্বরে উঠে এসেছে কলম্বিয়া।
অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচই জিততে পারল না লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। চিলির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এবার কলম্বিয়ার বিপক্ষেও জয়বঞ্চিত লিওনেল স্কালোনির দল।
এস্তাদিও মেত্রোপলিতানোয় বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ক্রিস্তিয়ান রোমেরো ও লেয়ান্দ্রো পারেদেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমান লুইস মুরিয়েল। আর শেষ দিকে সমতা টানেন মিগুয়েল বোরহা।
মূল্যবান দুটি পয়েন্ট হারানোর ম্যাচে বড় ধাক্কাও খেয়েছে তারা। চোট পেয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এবং আঘাতটা বেশ গুরুতর বলেই ধারণা করা হচ্ছে। প্রথম পছন্দের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি করোনাভাইরাসে আক্রান্ত। কোপা আমেরিকা শুরুর মাত্র কদিন আগে যা দলটির জন্য হতে পারে বড় দুর্ভাবনার।
উল্লেখ্য লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ছয় ম্যাচ শেষে সমান তিন জয় এবং ড্র’তে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। আর যথারীতি সবকটি ম্যাচ জিতে শীর্ষে ব্রাজিল। অন্যদিকে ছয় ম্যাচে দুটি করে জয় ড্র এবং হারে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে কলম্বিয়া।

