বাংলাদেশ জাতীয় দলে খেলবেন কাতার প্রবাসী মিডফিল্ডার
ক্রীড়া ডেস্কঃ কাতারের সর্বোচ্চ পর্যায়ে প্রতিভাবান যেসব ফুটবলারের বাড়বাড়ন্ত, তারা বেশির ভাগ অ্যাসপায়ার ফুটবল একাডেমিরই তৈরি। এই অ্যাসপায়ার একাডেমির তৈরি করা এক ফুটবলার এখন খেলতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে।
নাম তাঁর ওবায়দুর রহমান। কাতারপ্রবাসী বাংলাদেশি ফুটবলার। অ্যাসপায়ার একাডেমিতে ফুটবলের পাঠ নিয়েছেন, পড়াশোনা করেছেন নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। সবচেয়ে বড় কথা খেলেছেন কাতারের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে। কাতার লিগের ক্লাব আল দুহালির হয়েও সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে ২২ বছর বয়সী এই উইঙ্গারের। তিনি এখন তাঁর মাতৃভূমি বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নের জাল বুনতে নাম লিখিয়েছেন বসুন্ধরা কিংসে।
ওবায়দুরের জন্ম ফেনীতে। ২০০৬ সালে পরিবারের সঙ্গে পাড়ি জমান কাতারে। প্রকৌশলী বাবা গোলাম কিবরিয়া সেখানকার এক কোম্পানিতে কর্মরত ছিলেন। আর ওবায়দুর বিভিন্ন ধাপ পেরিয়ে সুযোগ পেয়ে যান অ্যাসপায়ার একাডেমিতে। ২০১৭ সালে পাট চুকিয়ে নাম লেখান কাতার প্রিমিয়ার লিগের ক্লাব আল দুহালিতে। ক্লাবটির অনূর্ধ্ব– ২৩ দলে খেলার পর ২০১৯-২০ মৌসুমে মূল দলে জায়গা করে নিয়েছিলেন। খেলেছিলেন দুটি ম্যাচও।
গত মৌসুমে বসুন্ধরায় নাম লিখিয়ে এরই মধ্যে জাতীয় দলে ডাক পাওয়া হয়ে গিয়েছে ফিনল্যান্ডপ্রবাসী ডিফেন্ডার তারিক রায়হানের। বাংলাদেশের লাল–সবুজ জার্সিতে চোখ ওবায়দুরেরও, ‘আমার মূল লক্ষ্যই বাংলাদেশ জাতীয় দলে খেলা। এর জন্যই বাংলাদেশে আসা। বাংলাদেশ কোচ জেমি ডের সঙ্গে আমার আলাপও হয়েছে।’
তবে সমস্যা হলো বাংলাদেশ জাতীয় দলে খেলতে ফিফার অনুমোদন লাগতো,যা আজ পাস হলো ফিফা থেকে।এখন বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোন অফিশিয়াল বাঁধা থাকলো না তার।

