অতিরিক্ত ১০ মিনিটের খেলায় ব্রাজিলের জয়

ক্রীড়া ডেস্কঃ অতিরিক্ত ১০ মিনিটের খেলায় শেষ মুহুর্তের গোলে জয় পেয়েছে ব্রাজিল। কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে জয় পেয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে উঠলো বর্তমান চ্যাম্পিয়নরা। তবে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নেইমারদের। রিও ডি জেনিরোর স্তাদিও অলিম্পিকো নিলটন সান্তোসে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিল ২-১ গোলে জিতেছে নেইমারের শেষ মুহূর্তের ঝলকে।

ম্যাচের শুরু থেকে কলাম্বিয়ানদের চেপে ধরে তিতে শিষ্যরা। তবে উল্টো গোল করে বসে প্রতিপক্ষ দল। দারুণ এক সুযোগে ম্যাচের ১০ মিনিটেই লিড পায় কলম্বিয়া। হুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে গোল করেন লুইস দিয়াজ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কলাম্বিয়া। বল পজিশন আর শক্তিমত্তায় এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোল না পাওয়ায় দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। ৬৪ মিনিটে নেইমারের দারুণ এক শট পোস্টে লেগে ফিরলে হতাশা বাড়ে সেলেসাওদের। তবে ৭৭ মিনিটে আর আক্ষেপে পুরতে হয়নি। রেনান লোদির পাস থেকে ফিরমিনোর হেডে ম্যাচে সমতায় ফিরে ব্রাজিল।

তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ভাগ্যদেবী যেন সহায় হয় ব্রাজিলের। খেলার মাঝে রেফারির সঙ্গে অফসাউডের গোল বাতিল করা নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন কলাম্বিয়ানরা। ফলে বেশ কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। খেলার সময় নষ্ট হওয়ার কারণে ইনজুরি টাইম বাড়িয়ে দেওয়া হয় ১০ মিনিট।

খেলা শেষ হওয়ার একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করে ব্রাজিল। ডান পাশের কর্নার থেকে কিক নেন নেইমার। সেই কিকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড করেন ক্যাসিমিরো। তার হেডেই বল জড়িয়ে যায় কলম্বিয়ার জালে। স্কোর লাউন দাঁড়ায় ২-১। আর তাতেই জয় নিশ্চিত হয় তিতে শিষ্যদের।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,