এটাই কি রোনালদোর শেষ ইউরো?
ক্রীড়া ডেস্কঃ সি আর সেভেন এর বর্তমান বয়স ৩৬। পরবর্তী ইউরো বছর চারেক পর। ততদিনে ৪০ এর ঘরে পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটাই কি তাহলে সিআরসেভেনের শেষ ইউরো? বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটাই কি হয়ে গেল পর্তুগিজ মহাতারকার শেষ ইউরো ম্যাচ? ভক্ত ও বিশ্লেষকদের মনে এমনটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
এখন যে বয়স চলছে, এ বয়সেই অনেকে পেশাদার ফুটবলকে বিদায় বলে দেন। তবে রোনালদো ছাড়েননি। কঠোর পরিশ্রম করে নিজেকে রেখেছেন পুরোপুরি ফিট। সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন সমানতালে।
যদি এটাই শেষ হয়, তবে শেষটা রাঙানো হলো না। ইউরোর এবারের আসরটা রোনালদো শুরু করেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। আসর শেষ করলেন রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়ে।
ব্যক্তিগতভাবে অবশ্য একেবারে খারাপও কাটেনি। ৪ ম্যাচে ৫ গোল করেছেন। আছে ১টি অ্যাসিস্টও। তবে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পাননি, দলকেও টেনে নিতে পারেন নি পরের ধাপে, পর্তুগিজ প্রিন্সের এই আফসোস হয়তো থেকে যাবে।

