রেকর্ড দিয়ে শুরু আফগানদের বিশ্বকাপ মূলপর্ব

নিউজ ডেস্ক: শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে প্রথম পর্বের গ্রুপ-‘বি’ এর চ্যাম্পিয়ন স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের নবশক্তি আফগানিস্তান। যেখানে স্কটিশদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে আফগানরা।

ম্যাচে আগে ব্যাট করে নাজিবউল্লাহ জাদরান, হযরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজদের কল্যাণে ১৯০ রানের বিশাল সংগ্রহ পায় তারা। পরে ফিল্ডিংয়ে নেমে রশিদ খান ও মুজিব-উর রহমানের ঘূর্ণিতে স্কটল্যান্ডকে মাত্র ৬০ রানে অলআউট করে তুলে নেয় ১৩০ রানের রেকর্ডগড়া জয়।

১৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে ৩৭ রান তুলতেই ৫ উইকেট হারায় স্কটল্যান্ড। যেখানে ৩ ওভারে মাত্র ১৪ রান খরচায় একাই ৪ উইকেট নেন মুজিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লে’তে ৪ উইকেট নেয়া প্রথম বোলার তিনি।

পরে ইনিংসের অষ্টম ওভারে নিজের স্পেল শেষ করতে এসে পঞ্চম উইকেটও ঝুলিতে পুরেন এ ডানহাতি রহস্য স্পিনার। তার বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-২০-৫। যা কি না বিশ্বকাপের ইতিহাসে অষ্টম ফাইফারের ঘটনা এবং আফগানিস্তানের সেরা বোলিংয়ের রেকর্ড।

আফগানদের বোলিং তোপে পড়ে স্কটল্যান্ডের ৩, ৪, ৫ ও ৬ নম্বর ব্যাটসম্যান আউট হয়েছেন কোনো রান করেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩-৪-৫-৬ নম্বর ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার প্রথম ঘটনা এটি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ৩-৪-৫ নম্বর ব্যাটার ফিরেছিলেন খালি হাতে।

  •  
  •  
  •  
  •  

Tags: