খেলা অনিশ্চিত সাকিবের?

স্পোর্টস ডেস্ক:

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই হ্যামস্ট্রিংয়ের টানে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। পরে মাঠে ফিরে পুরো চার ওভার বোলিং করেন, ব্যাট হাতে নামেন ওপেনিংয়ে। তবে তার শরীরী অভিব্যক্তিতে অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট।

তখনই জাগে সংশয়। সাকিব কি গুরুতর ইনজুরিতে পড়েছেন? পরের দুই ম্যাচ তাকে নিয়ে নামতে পারবে তো বাংলাদেশ দল? পাশাপাশি তলপেটের ইনজুরিতে থাকা উইকেটরক্ষক নুরুল হাসান সোহানেরই বা খবর কী?

কোনো প্রশ্নেরই নিশ্চিত উত্তর মেলেনি। তবে পাওয়া গেছে সাকিব-সোহানের সবশেষ অবস্থার খোঁজ। এখনই এ দুজনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। সোহানকে তিন দিনের বিশ্রাম ও সাকিবকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

আজ (শনিবার) বিসিবির এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ‘নুরুল আগামী তিন দিন সম্পূর্ণ বিশ্রামে থাকবে। ১ নভেম্বর তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর খেলা না খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রায় একই খবর জানানো হয়েছে সাকিবের ব্যাপারেও। তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে বিশ্রাম দেয়া হয়নি। বরং তার ইনজুরির ব্যাপারে পরিষ্কার ধারণা পাওয়ার জন্য আপাতত রাখা হয়েছে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে। এরপর তার ইনজুরির ধরন বুঝে সিদ্ধান্ত নেবে বিসিবি।

  •  
  •  
  •  
  •