বার্সেলোনায় ফিরতে চান মেসি
ক্রীড়া ডেস্কঃ মেসি জানিয়েছেন, তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চান। তবে সেটা খেলোয়াড় হিসেবে না, বুটজোড়া তুলে রাখার পর টেকনিক্যাল সেক্রেটারির ভূমিকায় ন্যু-ক্যাম্পে কাজ করতে চান তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বার্সেলোনায় ফিরতে চেয়ে বলেন, ‘হ্যাঁ, আমি কাতালান ক্লাবটিতে ফিরতে চাই। ন্যু ক্যাম্পে টেকনিক্যাল সেক্রেটারি ভূমিকায় কাজ করার ইচ্ছা আছে। আমি সব সময়ই বলি বার্সেলোনাকে সাহায্য করার অনেক আগ্রহ আমার।’
মেসি ফুটবল বিশ্বের সেরাদের সেরা, সমর্থক থেকে শুরু করে নিন্দুকরাও হয়তো এই কথা স্বীকার করে নেবেন কোনো তর্ক ছাড়াই। এমন একজন ফুটবলারকে টেকনিক্যাল সেক্রেটারি হিসেবে পেলে কে সুযোগ হাতছাড়া করতে চাইবে? বার্সেলোনা কি তাকে এড়িয়ে যেতে পারবে? মেসিও জানেন না এই প্রশ্নের উত্তর। না হলে কি আর তিনি বলতেন, ‘জানি না কতটুকু সম্ভাবনা আছে। তবে আমি আবার এই ক্লাবকে সহায়তা করতে চাই। কারণ এই একটি ক্লাবকেই আমি সবচেয়ে ভালোবাসি। তারা ভালো করুক সেটা সব সময় আমার চাওয়া, আর তা যদি আমার সহায়তা নিয়ে হয় তাহলে আমি এক পায়ে দাঁড়ানো।’

