আইপিএলে দল মেলেনি সাকিব আল হাসানের
ক্রীড়া ডেস্কঃ আইপিএলের নিলামে নাম উঠেছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দুপুর আড়াইটা পর্যন্ত কেউ তাকে নেওয়ার জন্য বিড করেনি। সাকিবের মতো অবিক্রিত রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ভারতের সুরেশ রাইনা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হয় ২০২২ আসরের মেগা নিলাম।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে জমকালো এ অনুষ্ঠান। শুরুতেই টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ঘোষণা দেন চেয়ারম্যান ব্রিজেশ পাটেল। ভিভো থেকে পরিবর্তিত হয়ে আইপিএলের নতুন স্পন্সর এখন টাটা গ্রুপ।
প্রথম নিলামে ওঠে শিখর ধাওয়ানের নাম। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। এবার তাকে আর ধরে রাখেনি তারা। তাকে এ আসরে ৮ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের দ্বিতীয় বিক্রীত নাম রবিচন্দ্রন অশ্বিন। তারও ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার ৫ কোটি রুপিতে তিনি গেছেন রাজস্থান রয়্যালসে।
দুই বছর আগের অর্থাৎ ২০২০ সালের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন প্যাট কামিন্স। তাকে সাড়ে ১৫ কোটিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এই আসরেও তাকে নিয়েছে কলকাতার ক্লাবটি, তবে এবার তার পেছনে তাদের খরচ হয়েছে মাত্র ৭ কোটি ২৫ লাখ রুপিতে।

