হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেন ওয়ার্নের মৃত্যু
ক্রীড়া ডেস্ক: কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। থাইল্যান্ডের কোহ সামুইয়ে শুক্রবার (৪ মার্চ) অস্ট্রেলিয়ান কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
ক্রীড়া সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি।
লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। যে কারণে অনেকে ওয়ার্নি বলেও ডাকতেন তাকে। ওয়ার্ন খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর। এই সময়ে তিনি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।
১৯৯২ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ওয়ানডেতে প্রথম তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তার এক বছর পর। জাতীয় দলের হয়ে ওয়ার্ন সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে মোট ১৪৫ ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তিনি নিয়েছেন ২৯৩ উইকেট।

