আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে হারিয়ে কোপার শিরোপা জিতল ব্রাজিল
নিউজ ডেস্ক:
কনমেবল বিচ সকার কোপা আমেরিকা ২০২৩ এর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। রোববার দিবাগত রাতে স্বাগতিক আর্জেন্টিনাকে ঘরের মাঠে ১৩-৫ গোলে হারিয়ে টুর্নামেন্টটির চতুর্থ আসরে তৃতীয় শিরোপা ঘরে তুলল সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিক আর্জেন্টিনাকে চেপে ধরে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে ফিলিপের দুই, জে লুকাস, এডসন হাল্ক ও জর্ডানের এক গোল ভর করে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
বিরতির পর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রাজিলের আক্রমণভাগ। তাদের দুর্দান্ত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টিনা। এবার গুনে গুনে আটটি গোল হজম করে স্বাগতিকরা। এর মাঝে আলবিসেলেস্তেরা পাঁচ গোল দিলেও কার্যত তা শুধুই গোল ব্যবধান কমিয়েছে।
বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এ একই গ্রুপে পড়েছিল দল দুটি। গ্রুপ পর্বেও আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিলের কাছে হেরেও গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।
টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো ফাইনালে খেলেছে আজেন্টিনা। এর আগে গ্রুপ পর্বের ম্যাচেও আর্জেন্টিনাকে ৮-২ গোলে হারায় ব্রাজিল।
এদিকে এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে ৭-৫ গোলে হারিয়েছে কলম্বিয়া। এবারের আসরে প্যারাগুয়ে চতুর্থ, উরুগুয়ে পঞ্চম, চিলি ষষ্ঠ, পেরু সপ্তম ও বলিভিয়া অষ্টম স্থানে রয়েছে। আর নবম স্থানে ইকুয়েডর ও সবশেষ ভেনিজুয়েলা।

