তবে কি শেষ হচ্ছে আফ্রিদি অধ্যায়?

খেলাধুলা ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে অনেকেই তার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু সবাইকে অবাক করে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ক্রিকেটে থাকার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। ক্রিকেট খেলে যাওয়ার ঘোষণা দিলেও সহসাই হয়ত তার ক্রিকেটে ফেরা হচ্ছেনা। পাকিস্তানের বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম উল হকের কথাতেই আফ্রিদি অধ্যায়ের শেষ দেখে ফেলছেন অনেকে।

আসন্ন ইংল্যান্ড সফরের প্রাথমিক দল থেকে বাদ পড়তে যাচ্ছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল এবং ওপেনার আহমেদ শেহজাদ। এছাড়া, টি-টোয়েন্টি দল থেকেও ছিটকে গেছেন দেশটির সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি।সোমবার এমনটি জানিয়েছেন পাকিস্তানের নবনিযুক্ত প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

বললেন, ‘আমরা আগামী এক বছরে মাত্র ছয়টা টি-টোয়েন্টি ম্যাচ খেলবো। এই সময়টাতে তরুণদের সুযোগ দেয়ার ব্যপারে আমরা ভাবছি। এই সময়টাতে আফ্রিদিও অনেক লম্বা বিশ্রাম পাবে এতে করে সে পুরনো ফর্মেও ফিরে আসতে পারবে।’

ইনজামামের কথাতেই পরিষ্কার ইঙ্গিত, খেলোয়াড় হিসেবে আফ্রিদির পারফরম্যান্সেও সন্তুষ্ট নন নির্বাচকেরা। যেহেতু আফ্রিদি শুধু টি-টোয়েন্টিই খেলেন, সেহেতু ২০১৬ সালে তাঁর পাকিস্তান দলেও ফেরার কোনো সুযোগ নেই। আর ২০১৭ সালেও যে তার ফর্ম ফিরে আসবে কিংবা তাকে দলে নেওয়ার প্রয়োজন বোধ করবেন নির্বাচকেরা, সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এছাড়াও পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল এবং ওপেনার আহমেদ শেহজাদ প্রসঙ্গে ইনজামাম বললেন, ‘পূর্বের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য বিভিন্ন সময় শেহজাদ ও আকমলকে তিরস্কৃত করা হয়। তাদের বর্তমান পারফরমেন্সও আস্থাজনক নয়। তাই আমি চাই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য আমাদের যে অনুশীলন ক্যাম্প চলবে সেখানে তাদের না রাখতে।’

তবে এখনই হাল ছেড়ে দিতে রাজি নন শহিদ আফ্রিদি। ঘরোয়া লিগে পারফর্ম করে পুনরায় জাতীয় দলে ফেরার আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের অন্যতম সেরা এই অলরাউন্ডার। পাশাপাশি নতুনদের সুযোগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন নির্বাচকদের।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আফ্রিদি লেখেন, ‘নির্বাচকদের কাজে প্রশংসা জানাচ্ছি। তরুন ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ায় ভালো লাগছে।’ আরেক টুইটে তিনি লেখেন, ‘আমি এবারের মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ফিরছি। চেষ্টা করবো নিজের ফর্ম এবং ফিটনেস দিয়ে পুনরায় জাতীয় দলে ফেরার।’

এপ্রিলেই আফগানিস্তানের কোচের পদ থেকে সরে এসে পাকিস্তানের প্রধান নির্বাচকের আসনে বসেছেন ইনজামাম। পাকিস্তানের ঘরোয়া লিগ ‘পাকিস্তান কাপ’ দেখে ইতোমধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক তালিকাও করেছেন তিনি। পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটাররাও রয়েছে এই তালিকাতে। ইনজামামের এই তালিকা দেখানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খানকে। আফ্রিদিকে দলের অনুশীলন ক্যাম্পেও রাখতে চাইছেন না ইনজামাম। ১৬ জুলাই টেস্টের মধ্য দিয়ে শুরু হবে পাকিস্তানের ইংল্যান্ড সফর।

  •  
  •  
  •  
  •  

Tags: