মাশরাফির কারণেই শাহাদাতের মুক্তি!
ক্রিড়া প্রতিবেদক:
সবার কাছেই তিনি নায়ক। কারো কাছে আবার কিংবদন্তি বা তার চেয়েও বেশি কিছু। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া মাশরাফি বিন মুর্তজা আরো একবার নায়ক। মাশরাফি এবার নায়ক সতীর্থ পেসার শাহাদাত হোসেনের কাছেই।
গৃহপরিচারিকা নির্যাতনের দায়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া শাহাদাত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মুক্তি পেয়েছেন। নিষেধাজ্ঞা তুলে শাহাদাতকে খেলার অনুমতি দেয়েছে বিসিবি। আর এটা বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কারণেই হয়েছে বলে বিশ্বাস শাহাদাতের।
কদিন আগে নিজের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান শাহাদাত। সেদিন মাশরাফির সাথেও বেশ কিছুক্ষণ সময় কাটান বাংলাদেশের ডানহাতি এই পেসার। ওই সময় শাহাদাতকে ক্রিকেটে ফেরার অনুমতি দিতে ক্রিকেট বোর্ডের অনেকের কাছেই ফোন দেন মাশরাফি। আর সেটা পাশে বসেই দেখেন শাহাদাত।
তাই নিজের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পেছনে মাশরাফির অবদানের কথা সবচেয়ে বড় করে দেখছেন শাহাদাত, ‘মাশরাফি ভাইয়ের সাথে কথা হয়েছে। হয়তো তার সুপারিশের কারণেই আমি খেলার সুযোগ পাচ্ছি। আমি যখন ছোটবেলায় ক্রিকেট খেলি, তখন মাশরাফি ভাই ছিলেন আমাদের অনুপ্রেরণা। আমি মাশরাফি ভাইয়ের সব সময়ের ফ্যান। আমার এই খারাপ সময়ে উনি বলতেন, এমন হতে পারে। তুই অনুশীলন করে যা। ভালো কিছু হবে।’
আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কিছু জানানো বা বিসিবি সভাপতির সাথে কথা হয়েছে কি না? শাহাদাত বলছেন, ‘এখনো জানায়নি। সন্ধ্যায় আমাকে জানানো হবে বলে বলা হয়েছে। পাপন ভাই আমাকে খুব পছন্দ করেন। সব ক্রিকেটারকেই খুব পছন্দ করেন। গতকাল বিশেষ কিছু বলেননি। বললেন কেমন আছো। বলেছেন, দেখছি কী করা যায়।’
গৃহপরিচারিকা হ্যাপির বিষয়ে জানতে চাইলে শাহাদাত জানান, ‘আপনারা হয়তো জানেন না, ওর (হ্যাপি) পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিলো। ওর এক আত্মীয় অসুস্থ ছিলেন, আমি তাকে নিজের উদ্যোগে সহায়তা করেছি।’ নিজের বোলিং নিয়ে বলছেন, ‘বোলিং ভালো হচ্ছে। একজন পেসারের মূল শক্তি হলো গতি। আমার তো মুস্তাফিজের মতো কাটার নাই। আমার জন্য তাই গতিই আসল। সঙ্গে সুইং করানো এবং আরো কিছু চেষ্টা করছি।’
সূত্র: বিবিসি

