মেসিকে ছাড়িয়ে গেলেন কোহলি

খেলাধুলা ডেস্ক:

বর্তমান সময়ে অন্যতম সফল ও সেরা ক্রিকেটার ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। অন্যদিকে ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে দু’জন ভিন্ন জগতের হলেও সম্প্রতি মেসিকে ছাড়িয়ে গেছেন কোহলি। কিন্তু শুনে আশ্চর্য হলেও এটাই হয়েছে।

ব্রিটিশ সাময়িকী ‘স্পোর্টসপ্রো’র হিসেবে বিপণনযোগ্য ক্রীড়াবিদ হিসেবে মেসি-নোভাক জোকোভিচ-উসাইন বোল্টদের ওপরে আছেন কোহলি। বিশ্বের সেরা বাজারজাত খেলোয়াড়ের তালিকায় মেসিকে অনেকটাই পিছনে ফেলেছেন ভারতের এই টেস্ট অধিনায়ক। বার্সার তারকা মেসিকে পেছনে ফেলে তালিকায় তিন নম্বরে রয়েছেন কোহলি।

চলতি গ্রীষ্ম থেকে আগামী তিন বছরে বিপণন সম্ভাবনার ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে স্পোর্টসপ্রো। আর যেখানে শীর্ষে অবস্থান করছেন বাস্কেটবল তারকা স্টিফেন কারি। দুইয়ে আছেন জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। বিপণনযোগ্য ক্রীড়াবিদ হিসেবে এই তালিকায় তৃতীয় স্থানে কোহলি। ব্রাজিল সেনসেশন নেইমার এ বছর তালিকায় ৮ নম্বরে অবস্থান করছেন।

বিপণন সম্ভাবনার সঙ্গে এই তালিকা তৈরির ক্ষেত্রে ক্রীড়া তারকাদের অর্থমূল্য, বয়স, দেশীয় বাজারে চাহিদা, ক্রীড়াবিদদের নিজেকে আরও বিপণনযোগ্য করে তোলার ইচ্ছাটাকেও বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকায় ২৩ নম্বরে রয়েছে জোকোভিচের নাম। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি রয়েছেন ২৭ নম্বরে। পাঁচবার ব্যালন ডি অর জয়ী মেসির পর ৩১ নম্বরে রয়েছে স্প্রিন্ট কিং উসাইন বোল্টের নাম। শীর্ষ ৫০-এ ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা রয়েছেন।

জানিয়ে রাখা ভালো, ২০১২ এবং ২০১৩ সালের তালিকায় শীর্ষে ছিলেন নেইমার। ২০১১ সালে শীর্ষে ছিলেন গতি তারকা উসাইন বোল্ট। আর ২০১০ সালের তৈরিকৃত তালিকায় এক নম্বরে ছিলেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেবর্ন জেমস। ২০১৪ সালের তালিকায় এক নম্বরে ছিলেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন।

  •  
  •  
  •  
  •  

Tags: