‘ব্যাঙ্গালুরুর ব্যাটিং বনাম মুস্তাফিজুর, সত্যিই দুর্ধর্ষ প্রতিযোগিতা’
খেলাধুলা ডেস্ক:
রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফাইনাল সামনে রেখে উত্তেজনা হওয়াই স্বাভাবিক। সে উত্তেজনা থেকে দূরে থাকতে পারলেন না কলকাতা নাইট রাইডার্সের দলনেতা গৌতম গম্ভীরও। ফাইনালে মুস্তাফিজের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।
ফাইনালে মুস্তাফিজকে দেখতে চান গম্ভীর। ভারতের শীর্ষ স্থানীয় দৈনিক আনন্দবাজারে এক কলামে এমনটাই লিখেছেন। গম্ভীর লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, ভালো বোলিং আক্রমণের সৌজন্যে এই লড়াইয়ে হায়দ্রাবাদের অবস্থান বেশি ভালো। আশা করছি ফাইনালের জন্য মুস্তাফিজুর রহমান ফিট হয়ে যাবে।’
যদি ফাইনাল ম্যাচ মুস্তাফিজ খেলেন তবে এটা তার জন্য একটা বড় পরীক্ষা হবে, এমনটাই ভাবেন গম্ভীর। তিনি লিখেছেন, ‘ব্যাঙ্গালুরুর ব্যাটিং বনাম মুস্তাফিজুর, সত্যিই দুর্ধর্ষ প্রতিযোগিতা। এক দিক দিয়ে দেখলে তরুণ রহমানের কাছে এটা একটা পরীক্ষাও। কারণ ও বল করবে ব্যাটিং পিচে, যেখানে বাউন্ডারি খুব ছোট।’

