আবারও চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
খেলাধুলা ডেস্ক:
আবারও ইউরোপ সেরার মুকুট পড়ল রিয়াল মাদ্রিদ। শনিবার নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করে মাদ্রিদের দুই ক্লাব। অতিরিক্ত সময়েও স্কোর লাইনে কোন পরিবর্তন আনতে পারেননি তারা। এর ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
আর পেনাল্টি শুটআউটে জিনেদিন জিদানের দল ৫-৩ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মিলানে ১১বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পেল বেল-রোনালদোরা।
মিলানের সান সিরো স্টেডিয়ামে এদিন সার্জিও রামোসের গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। টনি ক্রুসের ফ্রি-কিক আলতু করে বেলের মাথা ছুয়ে গোলপোস্টের ঠিক সামনে পড়লে দারুণ দক্ষতায় অ্যাটলেটিকোর জলে জড়ান রামোস। এর ফলে ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেল-রোনালদোরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। পেনাল্টি বক্সের মধ্যেই ফার্নান্দো তোরেসকে ধাক্কা দেন রিয়ালের পর্তুগীজ তারকা পেপে। এর ফলে পেনাল্টি পায় দিয়েগো সিমিওনের দল। কিন্তু অ্যান্টনি গ্রিয়েজম্যানের দুর্দান্ত শট বারপোস্টে লেগে ফিরে আসে। এর ফলে সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করে অ্যাটলেটিকো মাদ্রিদ।
তারপরও হাল ছাড়েনি দিয়েগো সিমিওনের শিষ্যরা। তার ফলও পেয়ে যায় অ্যাটলেটিকো। ম্যাচের বয়স যখন ৭৯ মিনিট তখনই অসাধারণ দক্ষতায় গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান ইয়ানিক কারাস্কো।
এদিন ম্যাচের শুরু থেকেই খেলতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জিনেদিন জিদান আগেই জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে শতভাগ প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার মিলানেও দেখা গেল তা।
এই নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এগারোবার চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ।

