কালই মাঠে নামছেন মেসি

স্পোর্টস ডেস্ক:
বেরসিক চোট বাগড়া দেওয়ায় চিলির সঙ্গে প্রথম ম্যাচে খেলতে পারেননি। লিওনেল মেসির অভাব অবশ্য সেদিন হয়তো খুব একটা টেরও পায়নি আর্জেন্টিনা।

২-১ ব্যবধানে হলেও শতবার্ষিকী কোপা আমেরিকায় প্রথম ম্যাচে অনায়াস জয়ই পেয়েছে আলবিসেলেস্তেরা। কিন্তু নামটি মেসি বলেই হয়তো, আগামীকালের পানামা ম্যাচের আগেও সেই একই প্রশ্ন ঘুরেফিরে আসছিল, আর্জেন্টিনা অধিনায়ক খেলবেন তো? তবে সামান্য যে সংশয় ছিল, আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো নিজেই সেটি উড়িয়ে দিয়েছেন। নিশ্চিত করে দিয়েছেন, কাল পানামা ম্যাচে দেখা যাবে মেসিকে।

টুর্নামেন্টের আগে হন্ডুরাসের সঙ্গে প্রস্তুতি ম্যাচে মেসি চোট পান পিঠে, ওই চোটই প্রথম ম্যাচে তাঁকে খেলতে দেয়নি। সান্তা ক্লারার গ্যালারি সেদিন ম্যাচজুড়ে ‘মেসি, মেসি’ চিৎকার করে গেছে, কিন্তু মাঠে আর নামা হয়নি আর্জেন্টিনা অধিনায়কের। পানামার ম্যাচের ভেন্যু শিকাগোতেও মেসিকে ঘিরে তীব্র কৌতূহল। আর্জেন্টিনা দলের পাশাপাশি শিকাগোও তো ক্ষণ গুনছে মেসি-বরণের।

চিলি ম্যাচের পর কোচ জেরার্ডো মার্টিনোই বলেছিলেন, ‘আশা করি, চার দিন পর (আগামীকাল) ও খেলার মতো অবস্থায় থাকবে।’ কাল মার্টিনো পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন, ‘মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খেলতে যাচ্ছে। ওকে দলে না নেওয়ার কোনো কারণই আমি দেখছি না।’

পানামা কোচ হার্নান দারিও গোমেজ যেন খবরটা পেয়ে অসহায় আত্মসমর্পণই করে ফেললেন, ‘আপনি একটা দলকে নিয়ে অনেক কিছুই করতে পারেন, কিন্তু মেসির বিপক্ষে আপনার কিছুই করার নেই। দলের কৌশল নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু কোনো কোনো খেলোয়াড় সেটার ঊর্ধ্বে। মেসি সে রকমই একজন।’

সূত্র: ইএসপিএন

  •  
  •  
  •  
  •  

Tags: