হারের দায়ে গোটা ক্রিকেট দলই বরখাস্ত!

স্পোর্টস ডেস্ক:
ব্যর্থতা মেনে নিতে পারেনি নাইজেরিয়া। ফুটবলে মহাদেশীয় চ্যাম্পিয়ন, বিশ্বকাপ খেলা দলটি ক্রিকেটেও সাফল্য চায়। সব ধরণের সুযোগ সুবিধা তারা দিয়েছিল খেলোয়াড়দের। এটা তাদের দাবি। তাহলে সাফল্য আসবে না কেন? আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে ব্যর্থতার জন্য গোটা নাইজেরিয়া দলকেই বরখাস্ত করেছে সেদেশের ক্রিকেট কর্তৃপক্ষ! কোচকে তো বরখাস্ত করা হয়েছেই।

মে মাসে ছিল আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভ টুর্নামেন্ট। সেখানে প্রথম ম্যাচেই তাঞ্জানিয়াকে হারিয়ে দারুণ শুরু হলো নাইজেরিয়ার। কিন্তু টুর্নামেন্টে ওটাই তাদের একমাত্র জয় হয়ে থাকলো। ছয় প্রতিযোগীর মধ্যে শেষ দল হয়েছে নাইজেরিয়া। শেষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে তাঞ্জানিয়ার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও হেরেছে তারা।

নাইজেরিয়ার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট এমেকা ওনেয়ামা একটি সংবাদ সম্মেলন করে সবাইকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, টুর্নামেন্টের আগে দুই মাসে তিন পর্যায়ের ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে গেছে দল। ৪০ খেলোয়াড় মূল্যায়ন করে চূড়ান্ত ১৪ জন বেছে নেওয়া হয়।

এমেকা জানিয়েছেন, টুর্নামেন্টের আগে ৫০ ও টুর্নামেন্ট চলাকালে ১০০ ডলার করে তারা দৈনিক ভাতা দিয়েছেন। এমনিতে আগের কর্তারা ২৫ থেকে ৫০ ডলার দিতেন। কিন্তু তারা উন্নতির জন্য এই প্রথম ১০০ ডলার পর্যন্ত দিয়েছেন। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে ক্রিকেট দল। লক্ষ্য ছিল, ডিভিশন ফোরে ওঠা। তা হয়নি। ভারতীয় বোর্ডের সুপারিশে প্রধান কোচকে একজন ভারতীয় সনদপ্রাপ্ত কোচ সহকারী হিসেবে দেওয়া হয়েছিল। লাভ হয়নি। অনূর্ধ্ব-১৯ দলকে কেন্দ্র করে এবার এগোবে নাইজেরিয়া। নতুন কোচিং স্টাফও নিয়োগ দেবে।

  •  
  •  
  •  
  •  

Tags: