মেসির সাথে বার্সার নতুন চুক্তি
ক্রীড়া ডেস্ক:
বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জুন পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকার কথা রয়েছে লিওনেল মেসির। সেই মেয়াদ ফুঁরিয়ে আসার আগেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে দীর্ঘমেয়াদে বেঁধে ফেলতে চায় কাতালান ক্লাবটি। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন চুক্তির জন্য মেসির বাবার সঙ্গে একমত হয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ।
কোপা আমেরিকার বিশেষ আসরের ফাইনালে চিলির বিপক্ষে জিততে পারেনি আর্জেন্টিনা। চিলির বিপক্ষে টানা দ্বিতীয়বারের মতো কোপায় হেরে ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তাকে ফেরানোর জন্য নানা তোরজোর চললেও এখনো ফিরে আসা কিংবা না আসা নিয়ে মুখ খুলেননি ২৯ বছর বয়সি লিও।
জাতীয় দলে আর না ফিরলে ক্লাব ফুটবলেই মনোনিবেশ করতে চাইবেন মেসি। তাই বতর্মান সময়ের সেরা তারকাকে দীর্ঘ সময়ের জন্য নিজেদের শিবিরে রাখতে চাইছে বার্সেলোনা। কেননা বার্সা শিবিরের সবচেয়ে সেরা সময়টাই যে এসেছে আর্জেন্টাইন এই মহাতারকার হাত ধরে। তাছাড়া ফর্মের দিক থেকে মেসির বর্তমান অবস্থা রেসের ঘোড়ার মতোই।
বর্তমান সময়টা মোটেও ভালো কাটছে না মেসির। দেশের হয়ে শিরোপা জয়ে ব্যর্থ হওয়ার পর স্পেনের কর ফাঁকির মামলায় ফেঁসে যান তিনি। বার্সেলোনার একটি আদালত এই অভিযোগে মেসিকে ২১ মাসের কারাদন্ড দেয়। তবে এমন দুর্দিনে মেসির পাশে এসে দাড়িয়েছে তার ক্লাব বার্সা।
স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া গনমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, মেসির চুক্তি বাড়ানো নিয়ে বার্সেলোনার প্রস্তাব গ্রহণ করেছে তার বাবা। তাছাড়া মেসিসহ বার্সার অন্য খেলোয়াড়দের চুক্তি বাড়ানোর ইঙ্গিত দিয়ে ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ গত মাসে জানিয়েছিলেন, ‘মেসির চুক্তির মেয়াদ বাড়ানো দরকার। সেই সঙ্গে বাকি যাদেরকে আমরা রাখতে চাই তাদের মেয়াদও বাড়ানোর সময় হয়েছে।’
মেসির সঙ্গে তার স্বদেশী তারকা জাভিয়ের মাচেরানোর চুক্তির মেয়াদও ২০১৮ সালে শেষ হবে। তাই অন্য তারকা খেলোয়াড়দের চুক্তি বাড়ানোর কাজটিও সেরে ফেলতে পারে ব্লুগ্রেনারা।

