ট্রাম্প-হিলারি বির্তক : দ্বিতীয় দফায়ও জিতলেন হিলারি
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার বিতর্কেও জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন। তবে বিতর্কে প্রত্যাশার চেয়ে ভালো করেছেন ট্রাম্প।
বিতর্কের শেষে প্রকাশিত সিএনএন এবং ওআরসির জরিপে এ কথা বলা হয়েছে।
সিএনএন এবং ওআরসি পরিচালিত ‘বিতর্ক দেখা ভোটার’ জরিপের ফলে দেখা যাচ্ছে- ৫৭ শতাংশ ভোটার মনে করছেন হিলারি জয়ী হয়েছেন। বিপরীতে ট্রাম্পের পক্ষে রায় ৩৪ শতাংশ ভোটারের।
দ্বিতীয় বিতর্কে হিলারি ক্লিনটন জয় পেলেও প্রথমবারের মতো শক্ত অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। সেবার ৬২ শতাংশ সমর্থন পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। সিএনএন জানিয়েছে, জরিপে ভুল হওয়ার সম্ভাবনা ৪ শতাংশ।
এর আগে, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় সোমবার (১০ অক্টোবর) সকাল ৭টায় এই বিতর্ক শুরু করেন।
৯০ মিনিটের এই বিতর্কে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরস্পরের প্রতি যেভাবে ব্যক্তিগত বিদ্বেষপূর্ণ এবং আক্রমণাত্নক ভাষা ব্যবহার করেছেন, সেটি অনেকটা নজিরবিহীন।
হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প-এর মধ্যকার বিতর্ক যে খুব একটি আন্তরিক পরিবেশে হবেনা সেটি প্রথম থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল। বিতর্কের শুরুতে কেউ কারো সাথে হাত মেলান নি। এ বিষয়টি অনেকের কাছেই দৃষ্টিকটু মনে হয়েছে। যদিও বিতর্কের শেষে তারা হাত মিলিয়েছেন।

