ভারত-পাকিস্তান সীমান্তে আবারো গোলাগুলি -নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত-পাকিস্তান জম্মু-কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত সংবাদে বলা হয়, মঙ্গলবার পাকিস্তানী বাহিনী জম্মু-কাশ্মীরের গ্রাম এবং লাইন অব কন্ট্রোলের সীমান্ত বরাবর গুলি বর্ষণ করলে আটজন নিহত হন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

পাকিস্তানী বাহিনীর গুলির জবাবে ভারতীয় বাহিনী গুলি চালালে দুই পাকিস্তানী সেনা সদস্য নিহত হন।

রামগড় এলাকার আরনিয়া এবং নাউশেরা সেক্টরে এ হামলার ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, পাকিস্তানি সেনারা রামগড়ের বেসামরিক লোকজন এবং নিরাপত্তারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: