সিঙ্গাপুরকে উড়িয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক :
টানা তৃতীয়বারের মতো এএইচএফ কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ।
হংকংয়ের কিংস পার্ক হকি গ্রাউন্ডে আজ সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছেন আশরাফুল-চয়ন-জিমিরা।
গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
সিঙ্গাপুরের সঙ্গে শেষ চার দেখায় চারবারই জিতেছিল বাংলাদেশ। আজও বাংলাদেশের জয় তাই অনুমিতই ছিল।
ম্যাচের ২৬ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মিলন হোসেন। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার।
ম্যাচের ৩৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ৪৮ মিনিটে দলের চার নম্বর গোলটি করেন চয়ন। দুই মিনিট পর আসে পঞ্চম গোল, এবার গোলদাতা মিমো। ৫৫ মিনিটে স্কোরলাইন ৬-০ করেন কৃষ্ণ কুমার।
শেষ দুটি গোলই করেছেন আগের ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করা আশরাফুল ইসলাম। ৬৬ ও ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের সপ্তম ও অষ্টম গোলটি করেন তিনি। তাতে বড় জয় দিয়েই ফাইনালে পা রাখে বাংলাদেশ।

