সাঘাটায় কিশোরী পাচারের সময় ৩ পাচারকারী আটক
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুই কিশোরীকে পাচার করে নিয়ে যাওয়ার সময় তিনি মানব পাচারকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারুহা নামক এলাকা থেকে রবিবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে রফিকুল ইসলাম (১৮), সাঘাটা উপজেলার চন্দনপাট গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসান মিয়া (২৫) ও একই উপজেলার ওসমানের পাড়া গ্রামের আছব আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৫)।
উদ্ধার হওয়া কুমারী দিপ্তি রানী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের জগত চন্দ্রের মেয়ে ও রোকসানা আক্তার একই ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের সেকেন্দারের মেয়ে।
সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজা মিয়া জানান, রবিবার দুপুরে আটকরা ব্যাটারীচালিত অটোভ্যানযোগে কুমারি দিপ্তি রানী (১৪) ও রোকসানা আক্তারকে (১৫) পাচার করে নিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে খামার ধনারুহা এলাকার তাদের আটক করে। খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ও উদ্ধার হওয়া দুই কিশোরীকে থানায় রাখা হয়েছে। এ বিষয়য়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

