খাগড়াছড়িতে স্ত্রী ও শিশু কন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক:

পরকীয়ার জেরে নিজের স্ত্রী ও শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মোহাম্মদ সোলেমান নামের এক রাজ মিস্ত্রীর বিরুদ্ধে। খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন স্ত্রী পিংকি আক্তার(২৫) ও তার ৪ মাসের শিশু কন্যা। এই দম্পতির দুইটি কন্যা সন্তান রয়েছে। মোহাম্মদ সোলেমান পেশায় একজন রাজ মিস্ত্রী। সে পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মোহাম্মদ জাহের মিয়ার ছেলে। নিহত পিংকি আক্তার একই এলাকার আব্দুল খালেক দুলালের মেয়ে। এ ঘটনার পর থেকে মোহাম্মদ সোলেমান পলাতক রয়েছে। আজ সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।

নিহতের ভাই ইমরান হোসেন সুজন জানান, “তার দুলাভাই পরকীয়ায় জড়িত। এ নিয়ে বোনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। গত বৃহস্পতিবার হত্যাকারী তার বড় মেয়ে সুলতানাকে(৪) এক আত্মীয়ের বাড়ি নোয়াখালীতে রেখে আসে। শুক্রবার কোনো এক সময়ে আমার বোন ও শিশু কন্যাকে হত্যা করে পালিয়ে যায় সে। কয়েকদিন বোনের খবর না পেয়ে তাদের বাড়িতে আসি। তখন ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের খবর দেওয়া হয়। তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে বোন এবং ভাগ্নির গলাকাটা লাশ কম্বলে পেচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি।”

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামন জানান, “পারিবারিক কলহে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন।”

  •  
  •  
  •  
  •