চিকিৎসকের অবহেলায় লক্ষ্মীপুরে নবজাতকের মৃত্যু

নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুর সদর হাসপাতালের এক চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী প্রসূতি তাছলিমা বেগম গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ সার্জন ডা. জান্নাতুল ফেরদৌস রুনার বিরুদ্ধে এ অভিযোগ করেন।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাছলিমা বেগমের প্রসব বেদনা উঠলে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালে আনা হলে আলট্রাসনোগ্রাফি প্রতিবেদনে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক রয়েছে জানিয়ে নরমাল ডেলিভারির আশ্বাস দেওয়া হয়। পরে রোগীর অবস্থার অবনতিতে তাৎক্ষণিক সিজারের অনুরোধ করলেও চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুনা তা করেননি। রুনা সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ করেন প্রসূতির স্বজনরা। দুদিন পর বৃহস্পতিবার সকালে রোগীর অপারেশন করে বলা হয়, নবজাতক মারা গেছে। এছাড়া চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে সেবার জন্য কেউ গেলে রোগীদের তিনি স্পর্শ করেন না বলে অভিযোগ রয়েছে। রোগীর সঙ্গে তিনি কোন পুরুষ সদস্য কক্ষে প্রবেশ করতে দেন না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জানান, চিকিৎসায় অবহেলা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •