স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে মেডিকেল রিপ্রেজেনটিভের কারাদন্ড
নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের বঙ্গজ্জল এলাকায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে মেডিকেল রিপ্রেজেনটিভ গোলাম কবীরকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান এই দন্ডাদেশ প্রদান করেন। তবে ঘটনাটির পেছনে কোন রহস্য থাকার আভাস দিয়েছেন কেউ কেউ।
পুলিশ জানায়, শহরের বঙ্গজ্জল এলাকা দিয়ে স্কুলগামী ছাত্রীদের প্রায় বিরক্ত করে আসছিল রিপ্রেজেনটিভ গোলাম কবীর। এরই এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে স্কুলে যাওয়ার পথে মহারাজা জে এন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীর ওড়না ধরে টান দেয় সে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং গোলাম কবীরকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম কবীরকে উদ্ধার করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক গোলাম কবীরকে এক বছরের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
এদিকে এ ঘটনার পেছনে আক্রোশ বা ষড়যন্ত্র রয়েছে বলে আভাস পাওয়া গেছে।

