স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত
দিনাজপুর প্রতিনিধি:
স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে সোনাপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আনোয়ার হোসেন (৪৭) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতির নিকট তদন্ত প্রতিবেদন জমাদানের জন্য তদন্ত কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
বেশ কিছুদিন ধরে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করতো। গত ৬ এপ্রিল বুধবার ওই ছাত্রীকে গোপনে শ্রেণীকক্ষে ডেকে নিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায়। ছাত্রীটি ঘটনার বিষয়টি বাড়িতে গিয়ে তার অভিভাবকদের কাছে জানায়। যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রী ঘটনাস্থলে উপস্থিত সবার কাছে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবী করেন।
স্কুলের প্রধান শিক্ষক লতিফুর রহমান বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে বুধবার রাত সোয়া ৯টায় স্কুল কমিটির জরুরী সভা ডেকে অভিযুক্ত আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে এলাকার মামুনুর রশিদকে আহবায়ক করে স্কুল কমিটির অভিভাবক সদস্য মোকতার হোসেন ও তাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবদুল কুদ্দুস ও আবু তালেবকে সদস্য করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
অভিযুক্ত সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মতামত প্রদানে রাজি হননি।
স্থানীয় রাজনৈতিক কর্মী রায়হানুল ইসলাম রুশো বলেন, আনোয়ার হোসেন স্কুলের সবচেয়ে দায়িত্বশীল শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত। তিনি অন্যের প্রতিহিংসার শিকার হয়েছেন।
স্কুল কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান। পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল বলেন, সোনাপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও ঘটনা তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।

