নিম্ন তাপমাত্রা নিয়ে হাজির হচ্ছে শৈত্যপ্রবাহ

আবহাওয়া ডেস্ক:

আগামী সোমবার রাত থেকে উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, “রাতের তাপমাত্রা আরো কমতে পারে।”

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “আগামী সোমবার থেকে উত্তরাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ডিসেম্বরের শেষ নাগাদ ও জানুয়ারির শুরুতে স্বাভাবিকভাবেই দেশে তাপমাত্রা আরো কমবে।”

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে দেশের কয়েকটি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে। কিন্তু ওই এলাকায়ই আবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এমনকি আশেপাশের এলাকায়ও আবার তাপমাত্রা বেশি। সাধারণত কয়েকটি জেলা মিলে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই-একদিন অব্যহত থাকলে সেটা মৃদু শৈত্যপ্রবাহ। তবে এখন কিছু এলাকায় তাপমাত্রা কমলেও সেটা বিক্ষিপ্ত চিত্র বলা যায়।

  •  
  •  
  •  
  •