‘যারা আ.লীগ করে তারা মুসলমান নয়’— বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নুর
নিউজ ডেস্কঃ ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগকে নিয়ে অশালীন মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ফের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) মামলা হওয়ার পর ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন নুর।
ডাকসুর এই সাবেক ভিপি বলেন, আমি মনে করি অবশ্যই আওয়ামী লীগে অনেক ধর্মপ্রাণ মানুষ আছে ধর্মপ্রাণ মুসলমান আছে, সব ধর্মেরই লোক আছে এবং সব দলেই সব ধর্মেরই ধর্মপ্রাণ লোক আছে। আমি আওয়ামী লীগ সমর্থককে কিংবা আওয়ামী লীগকে আক্রমণ করে কোনও কথা বলিনি।
তিনি বলেন, আমি সানন্দে অনেকের পরামর্শ করে নিয়ে থাকি। কেউ কেউ আমাকে বলেছিলেন গত ১৬ মার্চের লাইভে যা বলেছি একজন নেতৃত্বশীল জায়গা থেকে আমাকে একটু সহনশীল হতে হবে। এমনকি শত্রুপক্ষকে আক্রমণ করে কোনও কথা বলা আমার জায়গা থেকে কাম্য নয়। কিছু কিছু কিছু কিছু কথা সাধারণ মানুষ তার জায়গা থেকে বলতে পারে, আমি আমার জায়গা থেকে বলতে পারি না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগে আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। ডাকসু নির্বাচনের সময় আমাকে ছাত্রলীগের অনেকেই ভোট দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি এমন কিছু বলবো না যাতে তারা ক্ষুব্ধ হয় কিংবা আমার প্রতি বিরাগভাজন হয়।
নুর জানান, ১৭ তারিখের একটি লাইভে আমি স্বভাবতই বলেছি আমার ১৬ তারিখের কথায় দুঃখ পেয়ে থাকলে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন- তাহলে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্ষমাপ্রার্থী, স্বাভাবিকভাবে আমার যদি ভুল হয় আমার জায়গা থেকে ১০০ বার ক্ষমাপ্রার্থী থাকবো। আমি বিনয়ের সঙ্গে সেটার জন্য ক্ষমা চাইবো। কারণ আমার ভুল হতেই পারে, আমি মানুষ ফেরেশতা না। আমার ভুল হলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমি ক্ষমা চাই।
তিনি আরও বলেন, লাইভের কারণে যেকোনও ভাই-বন্ধু, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী আমার জন্য যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি একজন তরুণ ছাত্রনেতা হিসেবে প্রতিবার যেখানে মানুষ চুপ করে আছে সেখানে কথা বলে যাচ্ছি। সেখানে অবশ্যই আমাদের কাজগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেক্ষেত্রে আমি আমার যে কোনও আচরণের জন্য, সেদিনের জন্য কেউ কষ্ট পেয়ে থাকে আমি নিজে তার জন্য দুঃখ প্রকাশ করছি। এই ঘটনার প্রেক্ষিতে মামলা করা রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের একটি অংশ। শাহবাগ থানায় একটি মামলা হয়েছে তার প্রেক্ষিতে আমার লাইভে আসা।
উল্লেখ্য, রোববার শাহাবাগ থানায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে নুরুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। শাহাবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

