গান নিয়ে নয় এবার রান্না শেখাতে আসছেন মাহফুজুর রহমান!
নিউজ ডেস্কঃ প্রতি ঈদেই একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবার রান্নার হাড়িতেও নিজের দক্ষতা দেখাতে চলেছেন তিনি।
জানা গেছে, এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে তাকে। এ অনুষ্ঠানটি বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে সাজানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার অতিথিদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয়ে থাকে। অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজ হাতে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।
আর হ্যাঁ, অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি পাওয়া হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান।
এরই মধ্যে একটি পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। গেল ঈদেও প্রচার হয়েছে তার একক সঙ্গীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’।

