করোনায় একদিনে আরও ৮২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৪১

corona

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৪৮ জনের।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৪১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৬৬৮ জনে।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮২ জনের মধ্যে খুলনা বিভাগেরই ৩২ জন। এছাড়া, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, সিলেটে ২, রংপুরে ১, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ২৭ জন নারী। এদের মধ্যে ৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৩ হাজার ৫৪৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৭১২ জন এবং নারী ৩ হাজার ৮৩৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২১, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৯ এবং ২১ থেকে ৩০ বছরের ২, ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,