দেশে করোনা শনাক্ত ৯ লাখ ছাড়াল, টানা ৩ দিন শতাধিক মৃত্যু
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৮ জনের।
এ সময় নতুন করে আরও ৭ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মাধ্যমে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।
মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।
২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

