করোনার আরেকটি ধরন শনাক্ত, ফাঁকি দিতে পারে টিকার সুরক্ষাও!

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট সি.১.২ শনাক্ত হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্টটি এযাবৎকালের সবচেয়ে বেশি পরিবর্তিত ভাইরাস বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এর বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর নাও হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিক্যাবল ডিজিস এবং কোয়াজুলু-নাটাল রিসার্চ ইনোভেশন অ্যান্ড সিকোয়েন্সিং প্লাটফর্মের নতুন এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে নতুন ভ্যারিয়েন্টটি কোভিড-১৯ এর ভ্যাকসিনের সুরক্ষাকেও ফাঁকি দিতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। তবে গবেষণাটি এখনও প্রিপ্রিন্ট পর্যায়ে রয়েছে। এটি পিয়ার রিভিউর অপেক্ষায় রয়েছে।

গবেষকরা বলেছেন, চলতি বছরের মে মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। তাদের দাবি, তার পর থেকে এই ভ্যারিয়েন্ট ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, মৌরিশাস, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডেও শনাক্ত হয়েছে।

করোনা ভ্যাকসিনের সুরক্ষাকে কীভাবে ফাঁকি দিতে পারে সি.১.২ ভ্যারিয়েন্ট, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, নির্দিষ্ট অ্যান্টিবডিকে ফাঁকি দিতে সক্ষম করোনাভাইরাসের এন৪৪০কে এবং ওয়াই৪৪৯এইচ মিউটেশন সি.১.২ এর সিকোয়েন্সিংয়ে পাওয়া গেছে।

গবেষকরা বলেছেন, এসব মিউটেশন ভাইরাসের অন্যান্য অংশের পরিবর্তনের সাথে মিলিত হয়; যা পরবর্তীতে অ্যান্টিবডি এড়াতে সহায়তা করে। বেটা এবং ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার পর যারা ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন তাদের শরীরের অ্যান্টিবডিকেও ফাঁকি দিতে পারে সি.১.২।

  •  
  •  
  •  
  •  

Tags: