আফ্রিকার দেশগুলোতে ১১ কোটি টিকা সরবরাহ করবে মডার্না

করোনা ডেস্ক:

আফ্রিকার দেশগুলোর জন্য ১১ কোটি ডোজ (১১০ মিলিয়ন) কোভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুত করবে মডার্না। আজ মঙ্গলবার এমন একটি যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা আসে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। স্থানীয় কর্মকর্তারা এটিকে ‘বিশ্বের সবচেয়ে কম টিকাযুক্ত মহাদেশে একটি দারুণ অগ্রগতি’ বলে অভিহিত করেছেন।

ঘোষণায় বলা হয়, মডার্না এ বছরের শেষ নাগাদ প্রথম ১৫ মিলিয়ন ডোজ সরবরাহ করবে। ২০২২ সালের প্রথম তিন মাসে ৩৫ মিলিয়ন এবং দ্বিতীয় তিন মাসে ৬০ মিলিয়ন দেবে। আরো জানানো হয়, সমস্ত ডোজ মডার্নার সর্বনিম্ন টায়ার্ড মূল্যে দেওয়া হবে।
আফ্রিকান ইউনিয়নের কভিড-১৯ বিষয়ক বিশেষ দূত স্ট্রাইভ মাসিইয়া সাংবাদিকদের বলেন, এটি আমাদের জন্য একটি অসাধারণ দিন। আফ্রিকান দেশগুলো ধনী দেশগুলোর ভ্যাকসিন মজুদ এবং ডোজ বিলম্বিত হওয়ার কারণে কয়েক মাস হতাশায় ছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘জরুরি ভিত্তিতে আফ্রিকান দেশগুলোকে মডার্না টিকা কেনার লাইনের প্রথমে দাঁড় করিয়ে দিতে’ ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা মডার্না থেকে আরো ভ্যাকসিন কিনতে চাই। কিন্তু আফ্রিকাতে তাদের উৎপাদন সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেখতে পাচ্ছি না। যদি মডার্নার সঙ্গে সম্পূর্ণ চুক্তি সক্রিয় করা হয়, আফ্রিকান দেশগুলো ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে ৪৫০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারে, মাসিইয়া বলেন। এটি মহাদেশের জনসংখ্যার ৭০ ভাগ বা ৯০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার অর্ধেক। আফ্রিকান দেশগুলো এর আগে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৪০০ মিলিয়ন ডোজ টিকার একটি চুক্তি করেছিল।

 

  •  
  •  
  •  
  •