মাঙ্কিপক্সের সংক্রমণ রোধে অ্যান্টিভাইরাল ওষুধঃ ল্যানসেট
নিউজ ডেস্ক: ‘মাঙ্কিপক্স’ এখন একটি নতুন আতঙ্কের নাম। ভাইরাসটি বিরল হওয়ায় এর সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা ছিল না বিশ্ববাসীর। কারণ এই ভাইরাসটির প্রাদুর্ভাব কেবল মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যেত। কিন্তু সম্প্রতি ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বেশ কিছু দেশে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
তবে, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এর তথ্যমতে, এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত সাতজন নিয়ে গবেষণা চালানো হয় যার সমীক্ষা সম্প্রতি ল্যানসেট পত্রিকায় প্রকাশ করা হয়েছে। এই গবেষণা অনুযায়ী, এমন কিছু ‘অ্যান্টিভাইরাল’ ওষুধ আছে যা প্রয়োগ করলে মাঙ্কিপক্সের উপসর্গগুলিকে প্রশমিত করা সম্ভব। এছাড়াও গবেষকদের দাবি, এই সব ওষুধের প্রয়োগ করে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এ ক্ষেত্রে রোগীদের উপর দুটি ভিন্ন অ্যান্টিভাইরাল ওষুধ— ব্রিনসিডোফোভির এবং টেকোভিরিমাট প্রয়োগ করেই আশানুরূপ ফলাফল পেয়েছেন গবেষকরা।
মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে ব্রিনসিডোফোভির নামক ওষুধটির কার্যকারিতা অনেকটা নিশ্চিত হলেও টেকোভিরিমাটের বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছেন গবেষকরা। তাঁরা আরও জানিয়েছেন, শুধুমাত্র রক্ত এবং লালারসের নমুনা পরীক্ষা করেই শরীরে মাঙ্কি পক্সের উপস্থিতি টের পাওয়া সম্ভব।
এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে প্রাথমিক উপসর্গের মধ্যে জ্বর, মাথাব্যথা, ফুসকুড়ি, র্যাশ অন্যতম। মুখ থেকে শুরু হয়ে শরীরের বাকি অংশে র্যাশ ছড়িয়ে পড়ে। তবে, মানুষের মধ্যে এই ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই বিরল।
বিশেষজ্ঞদের দাবি, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। শ্বাসনালি, ক্ষত স্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে। যৌন মিলনের মাধ্যমেও এই রোগ ছড়িয়ে পড়ে।
এখন পর্যন্ত মাঙ্কিপক্সের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই, তবে বেশ কয়েকটি দেশ বলেছে যে তারা গুটিবসন্তের ভ্যাকসিন মজুদ করছে, যা রোগটির সংক্রমণ প্রতিরোধে প্রায় ৮৫% কার্যকর। কারণ দুটি ভাইরাস প্রায় একই রকম।
আমেরিকার একদল বিশেষজ্ঞের মতে, এই রোগের সংক্রমণ ঠেকিয়ে রাখতে স্মল পক্সের ভ্যাকসিনও কার্যকরী ভূমিকা পালন করে।

