রাজশাহীতে করোনায় মৃত্যু উর্ধ্বমুখী
করোনা ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন আট জন। বাকিদের মধ্যে ৯ জন শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মারা যান। আর একজন করোনামুক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, একদিনে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দুই জন করে, নওগাঁর তিন জন, পাবনা ও কুষ্টিয়ার একজন করে রোগী রয়েছেন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও চার জন নারী।
হাসপাতালের পরিচালক জানান, মৃত ১৮ জনের মধ্যে আট জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের তিন জন এবং ৩১ থেকে ৪০ বছরের বয়সের দুই জন রোগী রয়েছেন।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ জন। আজ সকাল পর্যন্ত ৪৫৪ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৮৫ জন। আইউসিইউতে চিকিৎসাধীন ২০ জন।

