করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক:

করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় আরাফাত রহমান (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

আরাফাত রহমান বগুড়া শহরের চক নাটাই এলাকার মানিক প্রামাণিকের ছেলে। সে বগুড়া কালেক্টরেট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

আরাফাত রহমানের বড় বোন মোহনা জানান, তার ভাইয়ের কিডনি রোগ ছিল। কিন্তু সেটা কেউ জানতো না। এরই মধ্যে তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। ১৭দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা সনাক্ত হয়।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনা আক্রান্ত আরাফাত রহমানকে গত ২৬ জানুয়ারি রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩০ জানুয়ারি সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৭৫নমুনায় ৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৩২ দশমিক ০৫ শতাংশ। নতুন ৮৮জনের মধ্যে বগুড়া সদরের ৪৬জন, শাজাহানপুর ১২জন, শেরপুর ৯জন, দুপচাঁচিয়ায় ৬জন, ধুনট ৫জন, শিবগঞ্জে ৩জন, নন্দীগ্রামে ২জন এবং বাকি ২জন আদমদীঘির বাসিন্দা।

জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩৫হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯৭জন। এর মধ্যে নতুন করে ৪৩জনসহ সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৯২জন এবং নতুন করে একজন মারা যাওয়ায় মোট মৃত্যু ৬৯৪জনে দাঁড়িয়েছে।

  •  
  •  
  •  
  •