চীনে গত দুই বছরের মধ্যে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত
করোনা ডেস্ক: চীনের মূলখণ্ডে একদিনে দেড় হাজারের বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০২০ সালের শুরুতে দেশজুড়ে মহামারি শুরু হওয়ার পর থেকে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শনিবার। অর্থাৎ গত দুই বছরের মধ্যে এত বেশি সংক্রমণ আর দেখা যায়নি।
এতে ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশটিতে। চীনে দৈনিক সংক্রমণ অন্য অনেক দেশের চেয়ে খুবই নগণ্য। কিন্তু প্রতিনিয়ত সংক্রমণের হার বেড়ে যাওয়ায় যত দ্রুত সম্ভব সংক্রমণ থেকে নিষ্কৃতি পেতে চীনের উচ্চাকাঙ্ক্ষা আরও জটিল করে তুলবে।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, চীনে শুক্রবার শনাক্ত কোভিড রোগীদের মধ্যে ৪৭৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত। এদের মধ্যে ৫ জনকে প্রথমদিকে উপসর্গহীনদের তালিকায় রাখা হলেও পরে তাদের দেহে উপসর্গ দেখা দেয়।
এদিন শনাক্তদের মধ্যে অভ্যন্তরীণভাবে সংক্রমিত ১০৪৮ জনের উপসর্গ নেই। আগের দিনও এই সংখ্যা ছিল ৭০৩। চীনে উপসর্গ না থাকলে সংক্রমণের শিকার ব্যক্তিদের রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় না।

