করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বর্তমানে ৭৫ শতাংশ মানুষ করোনা টিকার আওতায় এসেছে বলে জানান মন্ত্রী। ভালোভাবে ভ্যাকসিন কার্যক্রম হওয়ায় কোভিড নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।

রোববার (১৩ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের জন্য ইউরোপ-আমেরিকায় চেষ্টা করেছিলাম, কিন্তু সাড়া পাইনি। তখন চীন ৩ মাসের মধ্যেই ৭ কোটি টিকা দিয়েছিল। পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়ার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

জাহিদ মালেক বলেন, বর্তমানে অর্থনৈতিকসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে, জিডিপির প্রবৃদ্ধি বাড়ছে। তবে করোনা এখনো চলে যায়নি। নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে। তাই আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ২ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৬২ হাজার ১৯ জন।

  •  
  •  
  •  
  •