আমি অন্যায় করলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই: মেয়র সাদিক
নিউজ ডেস্কঃ নিজেকে নির্দোষ দাবি করে বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। শনিবার বরিশাল নগরীর কালিবাড়ি রোডের নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব। আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব তবুও দলের কোনো ক্ষতি হতে দেব না।
মেয়র সাদিক বলেন, সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। সত্য উদঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।
তিনি আরও বলেন, আপনারা জেনেছেন, ঘটনা যে ওয়ার্ডে সেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির চোখ নষ্ট হয়ে গেছে। যুবলীগের এক নেতার চোখ নষ্ট হয়েছে। সুতরাং দেশ, জনগণ এবং বরিশালের মানুষের স্বার্থে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।
পুরো ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করে মেয়র বলেন, আমার সিটি করপোরেশনে বরাদ্দ নেই। তারপরও কিন্তু উন্নয়ন থেমে নেই। মানুষের আশা আমার কাছে। সেই আশা যেন ভেঙে দেওয়া যায় সেজন্য ষড়যন্ত্র চলছিল। এক বছর আগেও আমি আপনাদের এই ষড়যন্ত্রের কথা বলেছিলাম। এমনটাতো হওয়ারই কথা ছিল। বিগত ১০ বছরে আমি প্রতিহিংসা পরায়ন রাজনীতি বরিশালে আমি করেছি কিনা সেটি আপনারা দেখেছেন। আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই তার বিচার হওয়া দরকার।

