নাটোরে সড়ক দুর্ঘটনায় একসাথে দুই বন্ধুর মৃত্যু

নিউজ ডেস্কঃ নাটোরে গতকাল সোমবার রাতে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইবন্ধুর একসঙ্গে মৃত্যু হয়েছে ।

দুই বন্ধু হলেন তারেক হোসেন (২৪) ও রাকিব হোসেন (২৫)। দুজনের বাড়ি নাটোর শহরের কান্দিভিটুয়া বটতলা মোড়ে। তারেক শহরের কানাইখালি এলাকার একটি মোটরসাইকেল মেরামতের দোকানের কর্মচারী ছিলেন। আর রাকিব শহরের সততা বস্ত্রালয়ের কর্মচারী ছিলেন।

ছোটবেলা থেকে দুই বন্ধু একসঙ্গে বড় হয়েছেন। একই স্কুলে পড়ালেখা করেছেন। নাটোর শহরের পৃথক দুটি দোকানে তাঁরা কর্মচারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে প্রায়ই মোটরসাইকেলে করে একসঙ্গে ঘুরতেন। গতকাল সোমবার রাতে মোটরসাইকেলে ঘোরাফেরা করার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় দুজনের একসঙ্গে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জানাজা শেষে দুই বন্ধুকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

নাটোর ফায়ার সার্ভিসের কর্মী সুমন হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১০টার কিছু পরে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা শহরের তেবাড়িয়া রাজপুর মোড়ে যান। নাটোর বাইপাস সড়কের ওই মোড়ে পিকআপের ধাক্কায় একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পাশে পড়ে ছিল তারেকের লাশ। রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১২টায় তিনি মারা যান।

তারেক-রাকিবের ঘনিষ্ঠজন মোটরসাইকেল মেরামতকারী আবদুল গণি বলেন, তাঁরা ছিলেন মানিকজোড়। কাজ শেষে সব সময় তাঁদের একসঙ্গে দেখা যেত। একজন মোটরসাইকেল চালাতেন, অন্যজন পেছনে বসে থাকতেন। একসঙ্গে ঘুরতেন বলে দুজনকে শহরের অনেকেই চিনতেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পিকআপটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,