করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্লাজমা চিকিৎসার জরুরি ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্কঃ
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্লাজমা চিকিৎসার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এবং শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে এমন ব্যক্তিদের রক্ত থেকে আক্রান্ত ব্যক্তিদের প্লাজমা দেয়া হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৭০ হাজারেরও বেশি মানুষের ওপর এ চিকিৎসা ব্যবহার করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্লাজমা চিকিৎসা মৃত্যুর হার ৩৫ শতাংশ কমাতে পারে। তবে বেশির ভাগ বিশেষজ্ঞ এ চিকিৎসার ক্ষেত্রে আরো অধ্যয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
হোয়াইট হাউজে দ্বিতীয় দফায় নির্বাচিত হতে নির্বাচনী প্রচারণা শুরু করার আগে ট্রাম্পের এমন ঘোষণা এল। রোববার সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, চীনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এমন একটি ঐতিহাসিক ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। এটা অগণিত মানুষের জীবন বাঁচাতে পারে। প্লাজমা থেরাপিকে তিনি একটি শক্তিশালী পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি কভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তিদের প্লাজমা দান করতে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগেই গুরুতর অসুস্থ বা ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে অংশ নেয়াসহ কিছু শর্তে প্লাজমা চিকিৎসা ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। এবারো সংস্থাটি সম্পূর্ণ অনুমোদনের পরিবর্তে ‘জরুরি ব্যবহারের অনুমোদনের’ বিষয়টি জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক গবেষণায় রক্তের প্লাজমা মৃত্যুর হার হ্রাস এবং রোগীদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে, যদি এটা রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম তিনদিনের মধ্যে দেয়া যায়। তবে এর কার্যকারিতা প্রমাণ করার জন্য আরো গবেষণার প্রয়োজন।
সুত্র: বিবিসি

