বাড়ছে ডায়রিয়ার রোগী
নিউজ ডেস্কঃ
দেশের ডায়রিয়ার হাসপাতাল ও নিরাময় কেন্দ্রগুলোতে দিন দিন বাড়ছে রোগী। ডায়রিয়ার রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফেরত যাচ্ছেন। কেউ আবার হাসপাতালের ফটকে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। কেউ ভর্তি হওয়ার সুযোগ পেলেও সুস্থ হওয়ার আগে তার সিট বাতিল করা হচ্ছে।
আইসিডিডিআরবি সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে শয্যা খালি নেই। হাসপাতালের বাইরে সাতটি তাঁবুতেও রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। রোগীদের বেশিরভাগ শিশু ও বয়স্ক। তবে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে তাদের আন্তরিকতার ঘাটতি নেই।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে । রবিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। গত ২১ মার্চ এক হাজার ২১৬ জন, ২২ মার্চ এক হাজার ২৭২ জন, ২৩ মার্চ এক হাজার ২৩৩ জন আর ২৪ মার্চ এক হাজার ১৭৪ জন সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়।
গ্রীষ্ম আসার আগেই পুরো দেশে ডায়রিয়া রোগী বেড়েছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে রোগী বেড়েছে বেশি। বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চললে ডায়রিয়া মোকাবিলা সম্ভব বলে তিনি জানান। রোগের প্রাথমিক অবস্থাতেই চিকিৎসা শুরু করা উচিত।

